ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন ওরফে অনুকে (৩৬) আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় এক নারীসহ আরো একজনকে আটক করা হয়। বৃহস্পতিবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরের চরকমলাপুর মহল্লার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
শুক্রবার (৯ জুলাই) দুপুরে ফরিদপুর ডিবির ওসি সুনীল কুমার কর্মকার তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত অপর দু’জন হলেন, মো. সাফায়েত হোসেন (৩৩) ও ২৭ বছরের এক তরুণী।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শহরের চরকমলাপুর মহল্লার সাফায়েতের বাড়িতে অভিযান চালিয়ে মাদক (ইয়াবা) সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। অভিযানের সময় ওই বাড়ি থেকে চারটি তাজা গাঁজার গাছ জব্দ করা হয়।
ফরিদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার কর্মকার বলেন, এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি