নারায়ণগঞ্জের ভুলতায় অবস্থিত সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জন নিহতের ঘটনায় গভীর শক প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
শুক্রবার (০৯ জুলাই) দুপুরে প্রকাশিত এক শোক বার্তায় তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন। একইসাথে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে রূপগঞ্জের ভুলতা এলাকার এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দুপুর ১টার দিকে কারখানার ভবনটি থেকে একে একে মরদেহগুলো বের করা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের এক সদস্য জানান, ভবনটির ৪ তলাতেই ৪৯ জনের মৃতদেহ পাওয়া যায়। ৫ ও ৬ তলায় এখনো আগুন জ্বলছে। ভবনটির চারপাশ বন্ধ। শুধু সিঁড়ি দিয়ে ওঠার পথ রয়েছে। যেখানে প্রচণ্ড ধোঁয়ার কারণে বাইরে ল্যাডার দিয়েই আগুন নেভানোর চেষ্টা চলছে। আর কারখানায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণ কঠিন হচ্ছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল ৪টার দিকে আগুন লাগলে ১৩ ঘণ্টার চেষ্টায় ভোর ৪টার দিকে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। কিন্তু সকালে সেখানে আবারও আগুন লেগে যায়।
বার্তা বাজার/এসজে