ভাইরাল হওয়া ভিডিওটি ময়মনসিংহ মেডিকেলের নয়

হাসপাতালের ভেতরে একটি খালি জায়গায় সারিবদ্ধভাবে রাখা বেশ কয়েকটি মরদেহ। আর তা কেন্দ্র করে ভীড় জমেছে স্বজনসহ উৎসুক জনতার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও চিত্র।

ভিডিওর ক্যাপশনে লেখা, ‘এটি ইন্ডিয়ার কোন চিত্র নয়, ময়মনসিংহ মেডিকেলের চিত্র।’ করোনার ভয়াবহতার চিত্র উল্লেখ করে সম্প্রতি ‘গ্রীণ লাইফ ফাউন্ডেশন’ এর নাম ও হিন্দিগান সম্বলিত একটি ভিডিওটি ভাইরাল হয়। এখনো অনেকেই আপলোড দিচ্ছেন সেই ভিডিও।

ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা জানতে যোগাযোগ করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। এ ব্যাপারে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বলেন, মমেক হাসপাতালের চিত্র দেখিয়ে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি ময়মনসিংহ মেডিকেলের চিত্র নয়। গুজব ছড়িয়ে দেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটি ভুয়া উল্লেখ করে ইতিমধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফেসবুক পেইজ থেকে একটি পোস্টও করা হয়েছে।

বার্তা বাজার এর অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এবং যে মরদেহ গুলো দেখা যাচ্ছে সেগুলো করোনা আক্রান্তদের নয়। রাজশাহীর একটি সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ ছিল।

গত ২৬ মার্চ রাজশাহীর কাটাখালী থানার সামনে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটিতে আগুন লেগে যায়। এ ঘটনায় আগুনে পুড়ে মারা যান একই পরিবারের ১৭ জন। পরদিন হাসপাতাল থেকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করার সময় ধারণ করা হয়েছিল ভিডিওটি।

উল্লেখ্য, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অবকাঠামো একই রকম দেখতে হওয়ায় ভিডিওটির মাধ্যমে বিভ্রান্ত হয়ে ফেসবুকে ছড়িয়েছেন অনেকেই।

নাজমুস সাকিব/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর