রাজশাহীতে আলোচিত মেয়র মুক্তার গ্রেফতার
রাজশাহীর আড়ানী পৌরসভার আলোচিত মেয়র মুক্তার আলীকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার আরেক সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার ( ৯ জুলাই) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রাজশাহী পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল এএসপি (ডিএসবি) রুবেল আহমেদ এবং ডিবি ইন্সপেক্টর আতিকের নেতৃত্বে পাবনা জেলার ঈশ্বরদী থানার পাকশী থেকে আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামি তার এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিল।
পরবর্তীতে আসামিকে নিয়ে বাঘা থানার আড়ানীতে তার নিজ বাড়িতে আবারও তল্লাশি চালানো হয়। সেখান থেকে চার বোতল ফেনসিডিল, একশ গ্রাম গাঁজা, নগদ এক লাখ টাকাসহ দেশীয় অস্ত্র জব্দ হয়েছে।
প্রসঙ্গত, গত ৭ জুলাই একজন শিক্ষককে মারধরের অভিযোগে মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। সে সময় তার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, মাদকদ্রব্য এবং প্রায় এক কোটি টাকা উদ্ধার করে রাজশাহী জেলা পুলিশ।পরে মেয়রের স্ত্রী এবং দুই ভাতিজাকে গ্রেফতার করা হয়। সে সময় মুক্তার আলীসহ তার স্ত্রী, পুত্র এবং দুই ভাতিজার বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। তখন থেকে মেয়র মুক্তার আলী পলাতক ছিলেন।
বার্তা বাজার/টি