প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে অবহেলা সইবে না সরকার

মুজিববর্ষ উপলক্ষে দেশের সব ভূমিহীন ও গৃহহীন মানুষকে আবাসন সুবিধার আওতায় আনার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না- এই ঘোষণা বাস্তবায়নের জন্য ২০২০ সালের মে মাসে ‘ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহপ্রদান নীতিমালা’ প্রণয়ন করে করে সরকার।

এর আওতায়, ভূমিহীন ও গৃহহীন দুই লাখ ৯৩ হাজার ৩৬১টি পরিবার; এবং জমি আছে ঘর নাই- এরকম পাঁচ লাখ ৯২ হাজার ২৬১টি পরিবারকে বাড়ি তৈরি করে দেওয়ার কাজ শুরু হয়। মোট ৮ লাখ ৮৫ হাজার ৬২২টি হতদরিদ্র পরিবারের জন্য, ২ শতক করে জমি বন্দোবস্ত এবং ২ কক্ষ বিশিষ্ট সেমি-পাকা গৃহ নির্মাণের কাজ শুরু হয়- ২০২০ সালের ডিসেম্বর থেকে।

সরকারের আন্তরিক উদ্যোগে, ইতোমধ্যে, এক লাখ ১৮ হাজার ৩৮০টি হতদরিদ্র পরিবারের হাতে তাদের জমি ও বাড়ি হস্তান্তর করা হয়েছে।

শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর নির্দেশে, দুস্থদের হাতে বাড়িগুলোর হস্তান্তর করার পরও, সেগুলোর ব্যাপারে জনপ্রতিনিধি ও প্রশাসনের মাধ্যমে খোঁজ রাখছে সরকার। যার ফলে, লক্ষাধিক নবনির্মিত বাড়ির মধ্যে ৩০০টিতে ছোটখাট ত্রুটির অভিযোগ পাওয়া যায়। এর কারণ অনুসন্ধানে গঠিত হয় তদন্ত কমিটি। কোনো দুর্নীতির তথ্য না পাওয়া গেলেও, দায়িত্বে অবহেলার প্রমাণ মেলে কিছু কর্মকর্তার বিরুদ্ধে।

দুস্থদের গৃহ নির্মাণে অবহেলাজনিত ত্রুটি-বিচ্যুতের কারণে ইতোমধ্যে ৫ জন সরকারি কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে এবং ২ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে বিভাগীয় মামলা।

দেশের হতদরিদ্র মানুষদের ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে সামান্যতম অনিয়ম-অবহেলা সহ্য করা হবে না। প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা এবং কর্মদক্ষতা প্রমাণে সোচ্চার রয়েছে সরকার।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর