শেরপুরে যৌতুকের টাকা না দেওয়ায় শ্বশুরকে ছুরিকাঘাতে হত্যা

শেরপুরে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর নিহত

বগুড়া প্রতিনিধি -৫
বগুড়ার শেরপুরে যৌতুকের টাকা চাওয়াকে কেন্দ্র করে জামাই সাব্বিরের ছুরিকাঘাতে শ্বশুর আসাদুল ইসলাম (৪৫) খুন হয়েছেন। নিহত আসাদুল একই গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। বৃহস্পতিবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর গ্রামে খুনের ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার পারভবানীপুর গ্রামের শাহিন আকন্দের ছেলে সাব্বির নামের এক যুবক আসাদুলের মেয়ে শিমুর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক বছর আগে আসাদুলের মেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে সাব্বিরকে বিয়ে করেন। কিন্তু আসাদুল মেয়ে-জামাইকে মেনে নেন না। বেশ কয়েক দফা গ্রামে দরবার করে ৪-৫ মাস পুর্বে আসাদুল জামাই মেয়েকে মেনে নেন। এরপর থেকে জামাই সাব্বির শ্বশুরের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। এ নিয়ে জামাই-শ্বশুরের মধ্যে বিরোধ চলে আসছিল।

বৃহস্পতিবার রাত ৯ টার দিকে আসাদুল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি তিনমাথা নামক স্থানে যৌতুকের টাকা নিয়ে জামাই-শ্বশুরের মধ্যে ঝগড়া শুরু হয়। এ সময় জামাই সাব্বির শ্বশুর আসাদুলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তাকে আহত অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বার্তা বাজারকে বলেন, আসাদুলের বুকে ছুরি দিয়ে আঘাতে ১টি চিহ্ন দেখা গেছে। নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করেছে। তবে অভিযুক্ত আসামীকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

রাশেদুল হক/বার্তা বাজার/শাহরিয়া হৃদয়

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর