ঢিলেঢালা লকডাউন: সংবাদকর্মীর সাথে ম্যাজিষ্ট্রেটের অসাদচারণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চলছে ঢিলেঢালা লকডাউন। সর্বত্র বিরাজ করছে জনসমাগম। নেই স্বাস্থ্যবিধি মানার কোন বালাই। উপজেলার বসুরহাট বাজারসহ প্রতিটি ইউনিয়নের বাজারসমূহে হাফ সাটার করে দোকানীরা গ্রাহকের অপেক্ষায় থাকেন। বেশকিছু দোকানে সদাই কিনার নাম করে দোকানে প্রবেশ করে দেখা যায় মানুষের ভিড়।

বৃহস্পতিবার (৮জুলাই) দুপুর ১.২০ মিনিটের সময় ঢিলেঢালা লকডাইনের সংবাদ ও ছবি সংগ্রহ করে বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে (জিরোপয়েন্ট) অতিক্রমকালে দায়িত্বরত জেলা প্রশাসক কার্যালয়ের ফরম্স স্টেশনারী ও লাইব্রেরী শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা দুই গণমাধ্যমকর্মী ডেকে পরিচয় জানতে চান। তারা পরিচয় দেয়ার পর পরিচয় পত্র দেখতে চান। তারা তা প্রদর্শন করেন।

পরে তিনি তাদেরকে এক্সিকিউটিভ বানান লিখতে বলেন। গণমাধ্যমকর্মীরা সংবাদ প্রকাশের জন্য তাঁর নাম জিজ্ঞেস করলে তিনি না বলে সাথে থাকা একজন কর্মচারীকে নামটি বলতে বলেন। এ সময় সিএনজি চালিত অটোরিক্সা ও ব্যাটারী চালিত অটোরিক্সা চারপাশে দাঁড়িয়ে দেদারছে গা ঘেষাঘেষি করে যাত্রী উঠানামা করছিল। সেদিকে কোনো ভ্রুক্ষেপও নেই তাঁর। তাঁর উপস্থিতিতে মানুষের ভিড় ও গণপরিবহনে যাত্রী উঠানামা করার দৃশ্য ধারণ করতে চাইলে তিনি তাতেও বাঁধা দেন।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানকে মোবাইলে বিষয়টি অবহিত করলে তিনি তা দেখবেন বলে আশ্বস্থ করেন।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা’র সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান, গণমাধ্যমকর্মীরা বিষয়টি এভাবে নিবেন আমি তা ভাবিনি। তিনি বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর