চাঁদার জন্য ছেলেকে আটকে রাখল পুলিশ, অক্সিজেনের অভাবে বাবার মৃত্যু!

সাতক্ষীরায় করোনার উপসর্গে ভোগা বাবার জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে ২ ঘন্টা আটকে রাখার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এসময় অক্সিজেনের অভাবে অসুস্থ ওই ব্যক্তি মারা যান।

বৃহস্পতিবার (০৮ জুলাই) দুপুরে সদর উপজেলার বৈচনা গ্রামে এই ঘটনা ঘটে। মারা যাওয়া ওই ব্যক্তির নাম রজব আলী মোড়ল। তিনি একই গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে তার ছেলে ওলিউল ইসলাম জানান, করোনা উপসর্গে ভোগা বাবার জন্য আমি অক্সিজেন আনতে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার ব্যবসায়ী আল ফেরদৌস আলফার কাছে যাই। সেখান থেকে ফেরার পথে ইটাগাছা মোড়ে আমাকে আটক করে ইটাগাছা ফাঁড়ির সহাকারী উপ-পরিদর্শক সুভাষ চন্দ্র।

তিনি আরও জানান, আমি লকডাউনে কেন বাইরে বের হলাম এজন্য আমার কাছে ১ হাজার টাকা দাবি করেন তিনি। টাকা দিতে না পারায় ২ ঘন্টা সেখানে আমাকে আটকে রাখা হয়। পরে স্থানীয় জিয়াউল ইসলামের মধ্যস্থতায় ২০০ টাকা ঘুষের বিনিময়ে আমাকে ছেড়ে দেন। বাড়িতে গিয়ে দেখি বাবা অক্সিজেনের অভাবে মারা গেছেন।

তিনি এই ঘটনার বিচার দাবি করে বলেন, যদি সময়মতো অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাড়িতে ফিরতে পারতাম তাহলে হয়তো বাবাকে বাঁচানো যেত।

এদিকে পরিচয় গোপন রাখার শর্তে ইটগাছা ফাঁড়ির একাধিক পুলিশ সদস্য জানান, সুভাষের কারণে পুলিশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এলাকার যত জমির ঝামেলা আছে সেগুলোর মধ্যে তিনি জড়িয়ে পড়েন। অনেকে তাকে ল্যান্ড সুভাষ নামে চেনেন।

অভিযোগ অস্বীকার করে সুভাষ চন্দ্র বলেন, বেপরোয়া গতিতে আসছিল মোটরসাইকেলটি। কাগজপত্রও ছিল না। পরে ঘটনা শুনে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। অল্প কিছু সময় মোটরসাইকেলটি থামিয়ে রাখা হয়েছিল। তবে টাকা নেয়া হয়নি।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি দেলোয়ার হুসেন জানান, বিষয়টি শুনেছি। তবে এ সম্পর্কে আরও খোঁজখবর নেয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর