ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে সংঘর্ষ আহত অন্তত ২৫ জন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার ( ৮ জুলাই) বিকেলে উপজেলার নোঁয়াগাও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, রজব আলী (৫০), সাবেদ আলী (৪৫), হযরত আলী (৩২), আলফাজ আলী (৫৫), ফিরোজ আলী (৫৫), আছিয়া বেগম (৪০), সাহিদা বেগম (৪৫), সাইফুল্লাহ (২৫), মাহমুদুল (১৭), সোহেল মিয়া (২২), শহিদুল ইসলাম (২০), ইয়াসমিন (৩৫), খাদিছা বেগম (৩৪), সোহেনা (৪৬), অন্য পক্ষের আহতরা হলেন, আব্দুল হাসিম (৬৫), লিয়াকত আলী (৩৬), সুবিতারা (৩১), জলিল মিয়া (৫০), মরিয়ম বেগম (৫৫), পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধের জেরে ইসলামাবাদের মৃত হাজী সরুজ আলীর ছেলে রজব আলীর সাথে একই গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে কাসেম মিয়া ও তার ভাই ছোট আবু মিয়ার দ্বন্দ্ব চলে আসছিল।
এ ঘটনা নিয়ে স্থানীয় চেয়ারম্যানসহ এলাকায় সালিশকারকদের যায়গাটি মাপার জন্য তারিখ হয়। পরবর্তীতে যায়গাটি আর মাপা হয়নি। বৃহস্পতিবার (৮ জুলাই) হাজী সরুজ মিয়ার ভাতিজা আলফাজ আলী এলাকার একটি দোকানে চা খেতে যায়। তখন কাসেম মিয়া ও ছোট আবুর পক্ষে কায়েম সরদার ও জলিল সরদার আলফাজ মিয়ার সাথে তর্কাতর্কি শুরু করেন।
তখন আলফাজ মিয়া প্রতিবাদ করে বলেন দুইজন এলাকার সরদার হয়ে অন্যায়ের পথে কথা বলেন কেন। এর জের ধরে কায়েম মিয়া আলফাজ মিয়াকে মারধোর করেন । এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ২৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত রজব আলীর জানান, যায়গা সম্পত্তি দখলে বাধা দিলে আজকে কায়েম ও জলিল সরদারসহ অন্যপক্ষে লোকজন নিয়ে আমাদের উপর হামলা করেন । পরে তারা বাড়িঘর ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যান। আশেপাশের গ্রামের লোকেরা এসে আমাদের বাঁচান।
কায়েম সরদার জানান, আজকে আলফাজ আলীকে জিগ্যেস করেন নিজেদের মধ্যে ঝামেলা শেষ করে ফেলো। এনিয়ে আলফাজের সাথে তর্কাতর্কি হয়। তার ছোট ভাই জলিল সরদারসহ ৭-৮ জন আহত হয়। তাদেরকেও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুজ্জামান হিমেল জানান, আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ছয়জনকে ভর্তি দেওয়া হয়েছে। সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জায়গা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। আহতদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মোঃ রাসেল আহমেদ/বার্তা বাজার/টি