নান্দাইলে টিসিবির পণ্য ইউএনওর বাসভবনে, ভোগান্তিতে সাধারণ ভোক্তারা!
ময়মনসিংহের নান্দাইলে করোনাকালে সাধারণ মানুষদের জন্য ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। সাধারণ মানুষদের লাইনে দাঁড় করিয়ে রেখে উপজেলা প্রশাসনের কতিপয় কর্মচারী ও আনসার সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে পণ্য কিনে নিয়েছে বলে জানিয়েছেন সাধারণ ভোক্তারা।
বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে উপজেলার প্রশাসনিক ভবনের সামনে এই ঘটনা ঘটে।
ঘটনাস্থলে দেখা যায়, সাধারণ মানুষজন উচ্চমূল্যের বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য অপেক্ষাকৃত কম দামে ক্রয়ের জন্য হাজির হয়েছেন। করোনাকালে সামাজিক দুরত্ব না মেনে গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে থেকেছেন ঘন্টার পর ঘণ্টা।
কিন্তু তাদের লাইনকে আগ্রাহ্য করে কিছু ব্যক্তিকে দেখা যায় বিভিন্ন পণ্য মাথায় করে প্রশাসনিক ভবনে ও পাশে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে নিয়ে যাচ্ছেন। এমনকি অনেককে দেখা গেছে রিকশায় করেও পণ্য নিয়ে যেতে।
সেখানে থাকা ভোক্তারা জানান, আমরা সাধারণ মানুষ। করোনায় অল্প আয়ে আমাদের জীবন নাজেহাল বলে সরকার আমাদের জন্য টিসিবির পণ্য ক্রয়ের ব্যবস্থা করেছে। কিন্তু প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের ক্ষমতার অপব্যবহার করে লাইন অমান্য করেই নিয়ে যাচ্ছে পণ্য। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে আমাদের।
অনিয়মের অভিযোগ সম্পর্কে জানতে সংশ্লিষ্ট ডিলার আব্দুল লতিফের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার নাম্বারে বন্ধ পাওয়া যায়।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল মুনসুর বার্তা বাজারকে জানান, আমি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। আগে থেকেই ঈদ উপলক্ষে উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যালয়ের কর্মচারিরা অল্প দামে পণ্য পেতে টিসিবি ডিলারের সাথে কথা বলেছিল। তাই তারা হয়তো পণ্য ক্রয় করেছে। কিন্তু এভাবে পণ্য ক্রয় করা ঠিক হয়নি।
তার বাসভবনে দ্রব্যের বস্তা প্রবেশের সম্পর্কে জানতে চাইলে বলেন, আমার বাসভবনে কারা নিয়ে এসেছে সেটা নির্দিষ্ট করে জানা নেই। তবে খোঁজ নিয়ে জেনেছি আমার ভবনে কয়েকজন আনসার সদস্য আছে তারা হয়তো নিয়ে থাকতে পারে।
ইউএনওর অজ্ঞাতে কেন স্টাফরা এভাবে তার ভবনে পণ্য নিয়ে যায় সে বিষয়ে কোনো সুদত্তর মিলেনি। তবে খুব শীঘ্রই জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, সামাজিক দুরত্ব না মেনে গাদাগাদি করে পণ্য বিক্রির এক পর্যায়ে প্রশাসন এসে সাধারণ ভোক্তাদের সামাল দেওয়ার চেষ্টা করে। এছাড়া উপজেলার সর্বত্রই করোনাকালে সরকারের জারিকৃত বিধি নিষেধ মানা হচ্ছে না বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা।
বার্তা বাজার/এসজে