নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড বেভারেজ নামে একটি কারখানার ৬ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৮ জুলাই) বিকালে সাড়ে ৫টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের কর্ণগোপ এলাকায় অবস্থিত কারখানাটিতে আগুনের সূত্রপাত ঘটে।
জানা যায়, আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। তাছাড়া ভবনটি থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আটকা রয়েছে আরও অনেকে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, হাসেম ফুড বেভারেজ কোম্পানির কারখানায় বিকেলে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডেমরা, কাঞ্চন, ঢাকা ও নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুনের নেভানোর চেষ্টা শুরু করে।
তিনি জানান, আগুনে ওই কারখানায় অনেক শ্রমিক আটকা পড়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে রাত পৌঁনে আটটা পর্যন্ত কারো কোনো মৃত্যুর খবর জানা যায়নি বলে তিনি জানান। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বার্তা বাজার/এসজে