মুজিববর্ষের ক্ষতিগ্রস্থ ঘর সরকারি খরচে পুননির্মাণ হবে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া অনেক ঘর অল্প বৃষ্টিতেই ক্ষতিগ্রস্থ হয়েছে। এসব ঘর সরকারি খরচে পুননির্মাণ বা মেরামত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (০৮ জুলাই) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে তিনি এই কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রায় এক লাখ বিশ হাজার বাড়ির মধ্যে চব্বিশটি স্থানের নির্মাণ কাজের ত্রুটি গণমাধ্যমে উঠে এসেছে, যা বাস্তবায়িত প্রকল্পের ০.২৫ ভাগ। ত্রুটিপূর্ণ যে ০.২৫ ভাগ স্থাপনা চিহ্নিত হয়েছে তা সরকারি খরচে মেরামত এবং প্রয়োজনে পুনর্নির্মাণ করা হবে।টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে প্রধানমন্ত্রীর এসব উদ্যোগ ইতিহাসের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এবং বিশ্বব্যাপী ব্যাপক প্রশংসিত হয়েছে।

তিনি জানান, এসব গৃহ সরকারি খাস জমিতে নির্মিত হয়েছে এবং অনেক ক্ষেত্রে খাস ভূমিসহ তুলনামূলক নিচু স্থানে হওয়ায় স্থাপনাসমূহ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও বিশাল কর্মযজ্ঞের হিসেবের খাতায় ক্ষুদ্র অংশে ত্রুটি দেখা দিলে যারা এই ত্রুটির জন্য দায়ী এবং দায়িত্বে অবহেলা ও অনিয়মে জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে,কোনো ছাড় দেওয়া হবে না।

সেতুমন্ত্রী বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর