৫০ বছর বাঁচতে চাইলে দুই সপ্তাহ ঘরে থাকুন: আইজিপি

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে চলমান লকডাউন মানার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

তিনি বলেন, দুই সপ্তাহের লকডাউন অনেক বেশি দিন না। আপনি যদি এই দুই সপ্তাহের লকডাউনের কারণে ৫০ বছর বাঁচতে পারেন তাহলে দুই সপ্তাহ ঘরে থাকতে হবে। মৃত্যুর সারিতে নাম লেখাবেন কিনা সেটা আপনার সিদ্ধান্ত।

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে সিদ্ধেশ্বরীতে ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সারবিশ্বের মত বাংলাদেশেও সংক্রমণ বাড়ছে। বিশ্বের উন্নত দেশগুলো করোনা মোকাবিলায় এখনও চেষ্টা করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সংক্রমণ রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ড. বেনজীর বলেন, সবার আগে মানুষের সহযোগিতা প্রয়োজন। এ কারণে অপ্রয়োজনে ঘর থেকে কেউ বের হবেন না। স্বাস্থ্যবিধি না মেনে চললে অসুস্থ হবে। এরপর হাসপাতালে গিয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে আক্রমণ করবেন এটা ঠিক নয়।

তিনি আরও বলেন, সবাই মিলে চলুন দেশটাকে রক্ষা করি। দুই সপ্তাহের কারণে যদি আপনি ৫০ বছরে বাঁচতে পারেন তাহলে দুই সপ্তাহ নিয়ম মেনে ঘরে থাকতে হবে।

আইজিপি বলেন, বিশ্বের অনেক দরিদ্র দেশ আছে যারা করোনার সময় হতদরিদ্রদের নিয়ে হিমশিম খাচ্ছে। তবে আমাদের দেশ ব্যতিক্রম। ৪০ লাখ লোক যদি সহযোগিতা দেয় তাহলে ৩ কোটি মানুষকে প্রতিদিন খাবার দেওয়া যাবে।

তিনি আরও বলেন, কেউ আহার ছাড়া থাকবেন না। আবার কেউ যদি গরীব বা হতদরিদ্রদের সহযোগিতা করতে চান সেক্ষেত্রে প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেওয়া যেতে পারে। এজন্য পুলিশের প্রতিটি ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে। মানুষ না খেয়ে৷ থাকবে না। এ বিষয়ে সবার সহযোগিতা করা উচিত। মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর