করোনার উর্ধ্বমূখী সংক্রমণ প্রতিরোধে দেশে জারী করা কঠোর লকডাউনে সরকারের প্রতি ৫টি প্রস্তাব দিয়েছে বিএনপি। এর মধ্যে অন্যতম হলো দরিদ্র মানুষদেরকে ১৫ হাজার টাকা এককালীন দিয়ে ঘরে থাকতে বলা।
বৃহস্পতিবার (০৮ জুলাই) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রস্তাব তুলে ধরেন। এবারেরটাসহ সরকারকে মোট ৩ বার করোনা প্রতিরোধে করণীয় নিয়ে প্রস্তাব দিয়েছে সরকার।
বাকি ৪টি প্রস্তাব হচ্ছে-
১। দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞ, সব রাজনৈতিক দল, এনজিও ও সামাজিক সংগঠনের সমন্বয়ে একটি জাতীয় আপতকালীন পরামর্শক কমিটি গঠন করা।
২। মানুষকে বাইরে বের হওয়ার জন্য স্বাস্থ্যবিধি মানা এবং মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে।
৩। অন্তত ৮০ ভাগ মানুষকে অতি দ্রুত টিকা প্রদান সম্পন্ন করতে হবে। এ জন্য একটি সমন্বিত ও সুনির্দিষ্ট রোড-ম্যাপ প্রণয়ন করে জাতির সামনে উপস্থাপন করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। অবিলম্বে দেশে টিকা উৎপাদনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪। বর্তমানে সারাদেশে করোনা আক্রান্ত রোগীদের সর্বাত্মক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। এ জন্য সারাদেশে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ, আইসিইউ ও করোনা বেড বৃদ্ধিসহ অত্যাবশ্যকীয় চিকিৎসাসামগ্রী ও পর্যাপ্ত চিকিৎসক/স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে হবে।
সংবাদ সম্মলেন দলের স্থায়ী কমিটির সদস্য, উপদেষ্টাসহ শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এসজে