মাটি ও মানুষের হৃদয়ের গভীরে আওয়ামী লীগের স্থান: কাদের
অতীতে আওয়ামী লীগকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি মন্তব্য করে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মাটি ও মানুষের হৃদয়ের গভীরে আওয়ামী লীগের স্থান।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত ব্রিফিংকালে এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ হঠাৎ গজিয়ে উঠা কোনো ভুঁইফোড় রাজনৈতিক সংগঠন নয়। আওয়ামী লীগের হাত ধরেই দেশের প্রতিটি অর্জন এসেছে। এ দেশের মাটির অনেক গভীরে আওয়ামী লীগের শেকড়। কেবল ভৌগোলিক স্বাধীনতাই নয়, অর্থনৈতিক মুক্তিও আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে।
বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক উল্লেখ করে কাদের বলেন, এ সম্পর্ক চিরকালের, যে কেউ ইচ্ছে করলেই তা মুছে ফেলতে পারবে না।
ওবায়দুল কাদের বলেন, যারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল আজ তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে। জনগণ তাদেরকেই ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করেছে।
শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাওয়া আওয়ামী লীগকে যারা জনবিচ্ছিন্ন মনে করে, তারা নিজেরাই এখন জনবিচ্ছিন্ন ও জননিন্দিত বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।
বার্তা বাজার/নব