বগুড়ার শেরপুরের হাটখোলা এলাকায় পচা মরিচ ভাঙ্গানোর দায়ে ২ ব্যবসায়ীর ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার(৮ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. সাবরিনা শারমিন এ আদালত পরিচালনা করেন। এ সময় জব্দকৃত মরিচ নদীতে ফেলে দেয়া হয়।
জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের রণবীরবালা গ্রামের সুলতান মাহমুদের ছেলে এনামুল হক ও পৌর শহরের উলিপুর এলাকার মৃত আকবর আলীর ছেলে আবুল কালাম দীর্ঘদিন ধরে বারোদুয়ারী হাটে পচা মরিচ ভাঙ্গানো সহ অনেক অসাধূ ব্যবসা করে আসছিল। উপজেলা সহকারী কমিশনার ভূমি গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার(৮ জুলাই) দুপুর ১ টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীদের ঘরে গিয়ে হাতেনাতে পচা মরিচ আটক করে। এ সময় ব্যবসায়ী আবুল কালামের ২০ হাজার টাকা ও এনামুল হকের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এবং জব্দকৃত প্রায় ৫৭ কেজি পচা মরিচ করোতোয়া নদীতে ফেলে দেয়া হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. সাবরিনা শারমিন বলেন, করোনা ভাইরাসের প্রকোপে কাপছে সারাদেশ। আর এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের আখের গোছানোর জন্য খাবারের সাথে ভেজালদ্রব্য মেশাচ্ছে। যা স্বাস্থ্যকর নয়। যারা এমন অসাধু কাজ করবে তাদের আইনের আওতায় আসতেই হবে। উক্ত ব্যবসায়ীরা পচা মরিচ ভাঙ্গানো, মচিরে ভিতর থুথু ফেলা ও সরকারি কাজে বাধা দেয়ায় তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রাশেদুল হক/বার্তাবাজার/পি