‘ভাত দে, না হলে লকডাউন তুলে দে’
রাজশাহীতে চলমান লকডাউন প্রত্যাহার করে দোকাট-পাট খুলে দেয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর আরডিএ মার্কেটের প্রধান ফটকে ‘থালা’ নিয়ে অবস্থান নেয় তারা। এ সময় ব্যবসায়ীরা ‘ভাত দে, না হলে লকডাউন তুলে দে’ স্লোগানে মুখরিত করে আরডিএ মার্কেট এলাকা।
রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে এ অবস্থান কর্মসূচিতে আরডিএ মার্কেট ও কাপড়পট্টির ব্যবসায়ী ও কর্মচারীরা অংশ নেয়। এ সময় তারা ‘থালা’ হাতে নিয়ে দোকান-পাট খুলে দেয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে মার্কেটের সামনে বক্তব্য রাখেন ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতাসহ ব্যবসায়ীরা।
এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে দীর্ঘ সময় ধরে দোকানপাট বন্ধ থাকায় ব্যবসায়ীরা মানবেতর জীবনযাপন করছে। সামনে আসন্ন ঈদকে সামনে রেখে দোকান-পাট খুলে দেওয়ার জন্য প্রশাসনসহ প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন তারা।
তারা বলেন, গতবার লকডাউনের সময় সরকার যে প্রণোদনার ব্যবস্থা করেছিলো সেটা ক্ষুদ্র ব্যবসায়ীদের কেউই পাননি। হাতে গোনা কিছু শিল্পপতি পেয়েছেন। এই পরিস্থিতিতেও হাজার হাজার শ্রমিক নিয়ে বড় কল-কারখানা সীমিত আকারে চলতে পারলে ব্যবসাপ্রতিষ্ঠান কেন খোলা রাখা যাবে না? এমন প্রশ্নও রাখেন তারা।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ সভাপতি হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক সজল ইসলাম, আরডিএ মার্কেট কোকারিজ মালিক সমিতির সভাপতি হাজী তাপস, আরডিএ মার্কেট পাদুকা সমিতির সভাপতি রিপন আলী, বস্ত্র মালিক সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ অন্যান্যরা।
বার্তা বাজার/টি