জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ছেলে শাহাতা জারাব এরিক বলেছেন, আমার ও আমার মায়ের কোনো ক্ষতি হলে দায়ী থাকবেন আমার চাচা জিএম কাদের।
তিনি বলেন, আমি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সন্তান। আজ আমার বাবা নেই। এই সুযোগে আমার চাচা জিএম কাদের জন্ম পরিচয় তুলে আমার ও আমার মা বিদিশা এরশাদের বিরুদ্ধে কিছু মিথ্যা ও বানোয়াট নিউজ করাচ্ছেন। এসবের কারণে আমার ও আমার মায়ের কিছু হলে দায়ী থাকবেন আমার চাচা।
বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে রাজধানীর বারিধারায় এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় এরিক এরশাদ ও তার মা বিদিশার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে জানিয়ে এরিক বলেন, বাবার মৃত্যুর পর থেকে চাচা জিএম কাদের সহায়-সম্পত্তির লোভে ষড়যন্ত্র করে আসছেন। তিনি এখনও ষড়যন্ত্র করছেন। প্রধানমন্ত্রীর কাছে আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
সংবাদ সম্মেলনে হুসেইন মুহম্মদ এরশাদের ট্রাস্টের পক্ষে চেয়ারম্যান কাজী মামুনুর রশিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ছেলে এরিক। এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের ছেলে তিনি। জাতীয় পার্টিতে তাকে ঘিরে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। নানা সংবাদ প্রকাশিত হচ্ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। এসব সংবাদের প্রতিবাদ এবং আলোচনা সমালোচনার জবাব দিতেই এই সংবাদ সম্মেলন ডাকেন এরিক।
বার্তা বাজার/নব