‘কোটি’ টাকা মূল্যের তক্ষক উদ্ধার

তক্ষক দিয়ে ক্যান্সারের মূল্যবান ওষুধ তৈরি হয়; তক্ষক ঘরে থাকলে লাখ লাখ টাকা আসে; প্রতিবেশী দেশে এর ব্যাপক চাহিদা; মাথার ম্যাগনেটের দাম কোটি টাকা— এমন গুজবের ওপর ভর করে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্নে দেশজুড়ে কয়েকটি সংঘবদ্ধ চক্র এখন তক্ষকের পিছু ছুটছে। এতে বিলুপ্ত হচ্ছে বিরল প্রজাতির এই প্রাণীটি।

এমনই একটি কথিত কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার করে অবমুক্ত করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে থানা প্রাঙ্গণে পুলিশ ও বনবিভাগের উপস্থিতিতে উদ্ধারকৃত তক্ষকটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান, পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন, প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন প্রমুখ।

এর আগে মঙ্গলবার (৬ জুলাই) বেলা ২টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের তিতুরকান্দী গ্রামের জৈনিক জাহিদ শেখের বাড়ির সামনে থেকে তক্ষকটি উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা থানার এসআই মো. কাদের শেখ, এএসআই খায়রুল আলম ও অর্জুন বর সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে তক্ষকটি উদ্ধার করেন।

বন কর্মকর্তা শেখ লিটন বার্তা বাজারকে বলেন, তক্ষক গিরগিটি প্রজাতির নির্বিষ নিরীহ বন্যপ্রাণী। সাধারণত পুরাতন বাড়ির ইটের দেয়াল, ফাঁক-ফোকড় ও বয়স্ক গাছে এরা বাস করে। কীটপতঙ্গ, টিকটিকি, ছোট পাখি ও ছোট সাপের বাচ্চা খায়। আইইউসিএনের লাল তালিকা অনুযায়ী এটি বিপন্ন বন্যপ্রাণী।

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বার্তা বাজারকে বলেন, তক্ষকের দাম ও তক্ষক দিয়ে তৈরি ওষুধ নিয়ে ব্যাপক গুজব ছড়ানো হয়েছে। আর গুজবে বিশ্বাস করে এক শ্রেণির লোক রাতারাতি ধনী হবার স্বপ্নে তক্ষক শিকারে নেমেছে। এসব অসাধু ব্যক্তির জন্য দেশের জীববৈচিত্র্য আজ হুমকির মুখে। প্রাণিগুলো রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর