খুলনার চার হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল বুধবারও ২২ জনের মৃত্যু হয়েছিল।
এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে নয়জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুইজন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে আটজন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনায় নয়জন মারা যান। হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৩২ জন ও সুস্থ হয়েছেন ৫১ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৯৩ জন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে খুলনার ডুমুরিয়ার আবুল বাশার মোল্লা (৪৬), বটিয়াঘাটার রিজিয়া বেগম (৬৫) ও ঝিনাইদহ কালিগঞ্জের সিরাজুল ইসলামের (৬৫) মৃত্যু হয়।
হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন চারজন ও সুস্থ হয়েছেন একজন। হাসপাতালে ৪৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে খুলনার রূপসার বাগমারার আনসার শেখ (৬০) ও দিঘলিয়ার উত্তর চন্দনীমহলের আমেনা বেগম (৮০) মারা যান। হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১৮ জন ও সুস্থ হয়েছেন ১৩ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৮ জন।
গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান বলেন, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়। তারা হলেন- নগরীর টুটপাড়ার আব্দুল কাদের (৬১), খুলনার রূপসার শামিমা আক্তার (৫০), বাগেরহাটের ফকিরহাটের সুভাস দত্ত (৬১), যশোর সদরের সুজনপুরের নূর জাহান (৭৫), নড়াইলের কালিয়ার বাকা এলাকার নাসিমা বেগম (৫৬), চুয়াডাঙ্গার দর্শনা বাজারের আব্দুর রশিদ (৪৫), পিরোজপুর নাজিরপুরের সাকিনা বেগম (৬৫) ও যশোর সদরের বেজপাড়ার দুলাল চন্দ্র ঘোষ (৬৫)।
তিনি আরও জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২১ জন ভর্তি হয়েছেন ও সুস্থ হয়েছেন ২০ জন। বর্তমানে হাসপাতালে ১২৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বার্তা বাজার/নব