ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জন করোনায় আক্রান্ত হয়ে এবং ১২ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বৃহস্পতিবার (০৮ জুলাই) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেন।
বুধবার সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত মমেক হাসপাতালের করোনা ইউনিটে করোনায় মারা গেছেন ময়মনসিংহ সদরের ইদুন্নেসা (৮০), নগরীর আকুয়া এলাকার শামসুল আলম (৭৫), নেত্রকোনা সদরের কুলসুম আক্তার (৫৫), শেরপুর সদরের বিশ্বজিৎ দেব (৭৫) ও ঝিনাইগাতী উপজেলার মোরশেদা বেগম (৬৫)।
উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের আব্দুল আজিজ (৪২), ডা. মোহাম্মদ মোস্তফা (৭৩), ফুলবাড়িয়া উপজেলার ইব্রাহিম মিয়া (৫০), নান্দাইলের রুপা বেগম (১৯), নেত্রকোনা সদরের হোসেন আলী (৮০), আব্দুল জব্বার (৯২), জামালপুর সদরের মোজাহিদ মিয়া (২২) ও আবু বকর (৫৯) এবং সরিষাবাড়ি উপজেলার নারগিস আক্তার (২২), শেরপুর সদরের রিপন ঘোষ (৪৫), রাশিদা বেগম (৫০), নালিতাবাড়ির শামিমা বেগম (৪৫)।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, করোনা ইউনিটে বুধবার সকাল ১০ টা পর্যন্ত ভর্তি আছেন মোট ৩৮১ জন৷ এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন রোগী । নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন।
এদিকে ময়মনসিংহ জেলায় বেড়েছে করোনা শনাক্তের হারও। গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৪৫ জনের নমুনা পরীক্ষা করে ২৩৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ৩৬.৫৮ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।
বার্তাবাজার/পি