প্রধানমন্ত্রীর উপহারের ঘরে ফাটল, এসিল্যান্ড-নির্বাহী ম্যাজিস্ট্রেট ওএসডি
মাত্র এক মাস যেতে না যেতেই মুন্সিগঞ্জ সদরে মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘরগুলোর দেয়াল, মেঝে ও পিলারে ফাটল ধরেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের হস্তক্ষেপে ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মেরামতের কাজ চলছে। অন্যদিকে এই আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের সময় দায়িত্বে থাকা মুন্সিগঞ্জ সদরের এসিল্যান্ড এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে ওএসডি করা হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দেওয়ানকান্দি এলাকার ৭৭টি ঘরের সবগুলোর দেয়াল, মেঝে ও পিলারে ফাটল ধরেছে। ঘরগুলো চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
এদিকে উপহারের ঘরগুলো যারা পেয়েছেন তারা বলছেন, উঠতে না উঠতেই ঘরগুলোর বেহাল দশা। কোনদিন মাথায় ভেঙে পড়ার আশঙ্কাও করছেন অনেকে।
এ প্রসঙ্গে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস জানিয়েছেন, অনতিবিলম্বে ক্ষতিগ্রস্ত ঘরগুলো মেরামত করা হবে। সংস্কার করা শেষ হলেই এসব ঘরে বসবাস করতে পারবেন উপকারভোগীরা।
মুন্সিগঞ্জ সদরে প্রথম ধাপে ১০০ টি ঘর বরাদ্দ দেয়া হয়। দ্বিতীয় ধাপে ২০০ টি বরাদ্দ মিললেও বেশিরভাগই নির্মাণাধীন।
বার্তা বাজার/নব