ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক বাড়ির ময়লা অন্য বাড়িতে ফেলাকে কেন্দ্র করে দুই বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।
বুধবার (০৭ জুলাই) দুপুরে উপজেলার লালপুর ইউনিয়নের লালপুর গ্রামে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে শামছুন্নাহার (৪৫), কালু মিয়া (২৭), লাইলী (৩০), নাছির (২৭) ও উসমানকে (৫০) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের মধ্যে কারও অবস্থাই কগুরুতর নয়।
জানা যায়, কিছুদিন আগে একই গ্রামের বাসিন্দা কাদির মিয়ার স্ত্রী নাসিমা বেগমের কাছ থেকে এক লাখ টাকা ধার নেন তার প্রতিবেশী আনোয়ারা বেগম। কয়েকদিন আগে নাসিমা তার টাকা ফেরত চাইলে আনোয়ারা কয়েকদিনের সময় চান। এই নিয়ে দুই পক্ষের মধ্যে মনোমালিন্য চলছিল।
সম্প্রতি নাসিমার বাড়ি থেকে ময়লার পানি আনোয়ারার বাড়ির ওপর দিয়ে যাওয়া নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বুধবার দুপুরে আবারও তাদের মধ্যে এই ময়লা নিয়ে ঝগড়া হয়। পরে উভয় পক্ষের লোকজন জড়িয়ে পড়ে সংঘর্ষে। এতে আহত হয় ৫ জন।
এ বিষয়ে আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভিডিও আসছে…
বার্তা বাজার/এসজে