আওয়ামী যুবলীগের টেলিমেডিসিন টিমের প্রধান সমন্বয়কারী ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলীর উদ্যোগ করোনাকালে বিনামূল্যে অক্সিজেন পাবে শরীয়তপুর জেলাবাসী। তিনি এ কার্যক্রমের নাম দিয়েছেন “অক্সিজেন ব্যাংক”।ফোন করলেই রোগীর বাড়ি চলে যাবে বিনামূল্য অক্সিজেন।
বুধবার (৭ জুলাই) বিকেল ৫টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মাজেদা হাসপাতালে বিনামূল্যে এই অক্সিজেন ব্যাংকের কার্যক্রম উদ্বোধন করেন ডা. খালেদ শওকত আলী।
এ সময় শরীয়তপুরের পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, মাজেদা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. তানিয়া খালেদ, নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম রাজিব, নড়িয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামাল হোসেন মৃধা প্রমূখ উপস্থিত ছিলেন।
যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী বলেন, মহামারী করোনা ভাইরাসে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সাহায্য হচ্ছে অক্সিজেন সরবরাহ । প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারন সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিলের আহবানে আমি শরীয়তপুর বাসীর জন্য চালু করেছি অক্সিজেন ব্যাংক।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজকের যুবলীগ মানবিক যুবলীগে পরিণত হয়েছে। মানবিক নেতা শেখ ফজলে শামস পরশ এবং আলহাজ মাইনুল হোসেন খান নিখিলের নের্তৃত্বে সমগ্র বাংলাদেশে হাজার হাজার যুবলীগ নেতা কর্মী আজ অসহায় মানুষের জন্য যার যা কিছু আছে তাই নিয়ে কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় শরীয়তপুর জেলার যে কোন প্রান্ত থেকে ফোন আসলেই নিজস্ব এম্বুলেন্সে যুবলীগের নেতা কর্মীরা বিনা মূল্যে ঘরে পৌঁছে দিয়ে আসবে অক্সিজেন সিলিন্ডার। সেই সাথে সরকারী হাসপাতালকেও প্রয়োজনে সাপোর্ট দেওয়া হবে।
উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত বা উপসর্গের কারণে বেশিরভাগ রোগী শ্বাসকষ্টসহ নানা সমস্যায় ভুগছেন। বর্তমানে অনেক রোগী হাসপাতালসহ নিজ বাড়িতেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসাসেবা গ্রহণ করছেন।
এ অবস্থায় অনেক করোনা রোগীর হঠাৎ করেই দেহের অক্সিজেন ঘাটতি দেখা দিচ্ছে। এ ক্ষেত্রে অনেক সময় বুঝে ওঠার আগেই রোগী অক্সিজেন স্বল্পতার কারণে মৃত্যুবরণও করছেন। তাদের কথা চিন্তা করেই শরীয়তপুর-২ আসনের ৬ বারের সাবেক এমপি সাবেক ডেপুটি স্পিকার, বীর মুক্তিযোদ্ধা মরহুম কণেল (অবঃ) শওকত আলী’র সন্তান ডা. খালেদ শওকত আলীর উদ্যোগে ২৫ টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে শরীয়তপুর জেলাব্যাপী এই কার্যক্রম শুরু করেছে।
করোনাকালীন যাদের অক্সিজেন প্রয়োজন তারা সেবা পেতে এই হট লাইনে +880 17 7411 7720 ফোন করলেই দ্রুত সময়ের মধ্যে বিনামূল্যে পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার আপনার বাড়িতে।
আসাদ গাজী/বার্তা বাজার/টি