মানিকগঞ্জের হরিরামপুরে বাল্লা ইউনিয়নের গৃহবধু নাজমা বেগম (৪০)কে হত্যা মামলায় ৪৮ ঘন্টার মধ্যে আদালতে চার্জশিট দাখিল করেছে থানা পুলিশ। হরিরামপুর থানায় এটিই কোনো হত্যা মামলার দ্রুত সময়ে চার্জশিট দেয়া।
মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যায় একমাত্র খুনি রফিক মিয়াকে (৪২) অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো: আরিফুল্লাহ। অভিযুক্ত রফিক মিয়া রফিক উপজেলার সরফদিনগর গ্রামের মোঃ শফিক মিয়ার ছেলে।
প্রসঙ্গত, গত রবিবার (৪ এপ্রিল) সকাল ৬ টার দিকে হরিরামপুর উপজেলার সরফদিনগর গ্রামের মোঃ ইসলাম সরদারের স্ত্রী নিহত নাজমা বেগম নৌকায় করে প্রতিবেশি রফিক মিয়ার ধান ক্ষেতের পাশ দিয়ে মরিচ তুলতে যাচ্ছিলেন। এনিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রফিক মিয়া বাঁশ দিয়ে নাজমা বেগমকে পিটিয়ে জখম করে। এসময় নাজমা বেগমের চিৎকারে স্বজন ও আশপাশের লোকজন এগিয়ে গেলে রফিক মিয়া দৌড়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। ওই দিনই সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজমা বেগম মারাযান। এঘটনায় একমাত্র রফিক মিয়াকে আসামি করে থানায় হত্যা মামলা করেন নিহত নাজমা বেগমের ছেলে মোঃ জনি মিয়া (১৯)।
হত্যাকান্ডের ৩ ঘন্টার মধ্যে হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম, ওসি তদন্ত মো: মোশারফ হোসেন ও মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো: আরিফুল্লাহ অভিযান চালিয়ে আসামী রফিক মিয়াকে গ্রেফতার করে আদালতে হাজির করলে বিচারকের কাছে নাজমা বেগম হত্যাকান্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন রফিক মিয়া।
থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, মঙ্গলবার ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ঘাতক রফিককে একমাত্র আসামী করে ৪৮ ঘন্টার মধ্যে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। জনগনের আস্থা ফেরাতে তার শাস্তি নিশ্চিত করা হবে।
মিলন মাহমুদ/বার্তা বাজার/টি