কড়া লকডাউনেও ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির উপস্থিতি জন্মদিনের পার্টি

করোনার উর্ধ্বমূখী সংক্রমণ প্রতিরোধে সারাদেশে জারি করা কঠোর লকডাউনে জনজীবন প্রায় স্থবির হয়ে যাচ্ছে। আর এমন সময় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের এক নেতার জন্মদিন পালন করা হয়েছে বেশ ঘটা করেই। আবার সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ও। ফোটানো হয় আতশবাজি।

মঙ্গলবার (০৬ জুলাই) রাতে ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের গেস্ট রুমে কেন্দ্রীয় ছাত্রলীগের সাহিত্যবিষয়ক উপ-সম্পাদক এস এম রিয়াদ হাসানের জন্মদিন পালন করা হয়।

জানা যায়, চলমান বিধিনিষেধের সময় ক্যাম্পাসে সমাবেত হন একদল ছাত্রলীগ নেতাকর্মী। এরপর তারা যান শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে। সেখানে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের উপস্থিতিতে কেক কেটে কেন্দ্রীয় ছাত্রলীগের সাহিত্যবিষয়ক উপ-সম্পাদক এস এম রিয়াদ হাসানের জন্মদিন পালন করা হয়।

পরে প্রায় একশর মত নেতাকর্মী নিয়ে টিএসসি প্রাঙ্গণে জন্মদিনের আরও একটি কেক কাটেন রিয়াদ হাসান। সেখানে জন্মদিন উপলক্ষে ফোটানো হয় আতশবাজিও। বেশ কয়েকজন নেতাকর্মী তার সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এ বিষয়ে রিয়াদ হাসান বলেন, গতকাল সন্ধ্যার পর ক্যাম্পাসে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। মূলত বৃষ্টির কারণে তারা হলের অতিথি কক্ষে গিয়ে বসেন।

তবে জহুরুল হক হলের প্রশাসনিক কর্মকর্তা আজিজুর রহমান বলেন, গতকাল সন্ধ্যায় বৃষ্টির সময় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খানসহ ছয়জন হলের অতিথি কক্ষে এসে বসেন। ছাত্রলীগ সভাপতি তার এক কর্মীর জন্মদিন উপলক্ষ্যে অতিথি কক্ষে শুধু কেক কাটা ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের জন্য ১৫ থেকে ২০ মিনিট অবস্থান করেন। পরে বৃষ্টি শেষ হওয়ামাত্র তারা হল থেকে টিএসসিতে চলে যান। সেখানে কিছুটা জনসমাগম হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও টিএসসি কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর