রাণীশংকৈলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির বাইরে মানুষ
করোনাভাইরাস সংক্রমণ রোধে সারাদেশে চলছে কঠোর লকডাউন। রাস্তার মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে প্রশাসন। এরপরেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অনেকেই বাড়ির বাইরে বের হচ্ছেন।শুধু তাই নয় হাট-বাজার গুলোতে দেখা যাচ্ছে মানুষের অবাধ বিচরণ।
বুধবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের শিবদিঘী পৌর মার্কেট এলাকায় দেখা যায়, মানুষ অহেতুক ঘোরাঘুরি করছে। এতে সংক্রমণের ঝুঁকি আরও বাড়ছে।
এছাড়াও উপজেলার বন্দর,বলিদ্বাড়া, নেকমরদ বাজার, মীরডাঙ্গী, গোগর বাজার ছাড়াও আরো অনেক জায়গায় দেখা যায়, দোকান পাট বন্ধ থাকার কথা থাকলেও সুযোগ বুঝে দোকানের সাটার খুলে ঠিকই বেচাকেনা চলছে।
উপজেলার বেশ কিছু প্রত্যন্ত গ্রামে ঘুরে দেখা যায়, সন্ধ্যা নামলেই সেখানকার মানুষেরা আড্ডায় মেতে উঠছেন। দোকানগুলোতে চলছে চা-সিগারেট বিক্রির ধুম। তাঁদের মাঝে সচেতনতা নেই বললেই চলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ আব্দুস সালাম বলেন, লকডাউনের এই ১৪ দিন যদি ঘর থেকে বের না হই। তাহলে সংক্রমণের ঝুঁকি কমে আসবে। তাই সাধারণ মানুষ অযথা জটলা বেঁধে আড্ডা না দিয়ে ঘরের ভেতরে থাকাটা এখন খুব জরুরি।
রাণীশংকৈল থানা ওসি এস.এম জাহিদ ইকবাল বলেন, সাধ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে কিছু লোক অযথা ঘোরাঘুরি করছে। তবে সচেতন লোকেরা নিজেরাও বাড়িতে থাকছে এবং অন্যকেও বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছে।
এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রীতম সাহা বলেন, ইউনিয়ন চেয়ারম্যানদের বলা হয়েছে গ্রাম্য পুলিশদের নিয়ে সচেতন করার জন্য। আমরাও গ্রামে টহল দিচ্ছি।
উল্লেখ্য, বুধবার (৭জুলাই) পর্যন্ত রাণীশংকৈল উপজেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫২২ জন। মোট মৃত্যু হয়েছে ২০ জনের। আর মোট সুস্থ হয়েছেন ২৮৫ জন।
মো: সবুজ ইসলাম/বার্তা বাজার/টি