মুক্তাগাছায় চিকিৎসককে মারধরের অভিযোগে যুবলীগ সভাপতি গ্রেফতার

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসককে মারধরের অভিযোগে উপজেলা যুবলীগ সভাপতি মাহবুবুল হক মনিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জুলাই) রাতে এ ঘটনায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এ এইচ এম সালেকিন মামুন। পরে রাতেই অভিযান চালিয়ে উপজেলা সদর থেকে আসামি মাহবুবুল হক মনিকে গ্রেফতার করে থানা ও ডিবি পুলিশ।

বুধবার (০৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ওসি দুলাল আকন্দ।

মামলায় মেডিকেল অফিসার ডা. এ এইচ এম সালেকিন মামুন অভিযোগ করেন, ওইদিন দুপুর ২ টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি হট লাইন নাম্বারে ফোন করেন মাহবুবুল হক মনি। এসময় তিনি তার মায়ের করোনা পরীক্ষার জন্য বাসায় গিয়ে নমুনা সংগ্রহের বিষয়ে জানতে চান। তখন তাকে বলা হয় বাসায় গিয়ে নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে, তাই তার মাকে হাসপাতালে নিয়ে এসে নমুনা জমা দেয়ার পরামর্শ দেন । কিছুক্ষণ পরই মনি তার দলবল নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মেডিকেল অফিসারের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে গালিগালাজ ও মারধর করে। এ ঘটনায় চিকিৎসক শারীরিক বিপর্যস্ত বলেও অভিযোগে উল্লেখ করেন।

মুক্তাগাছা থানার ওসি দুলাল আকন্দ বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পরই মাহবুবুল হক মনিকে গ্রেফতার করা হয়েছে। কিছুক্ষণ পর তাকে আদালতে সোপর্দ করা হবে।

এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন জেলার চিকিৎসকরা।

নাজমুস সাকিব/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর