পৌর মেয়রের বাড়ি থেকে বিদেশি অস্ত্র-ইয়াবাসহ কোটি টাকা উদ্ধার

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়ে চারটি বিদেশি অস্ত্র, নগদ প্রায় কোটি টাকা ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ জুলাই) ভোরে অভিযানের সময় মুক্তারের স্ত্রী ও দুই ভাতিজাকে আটক করেছে পুলিশ। তবে এ সময় মুক্তার পালিয়ে যান।

রাজশাহীর জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে ভোট করার জেরে মুক্তার আলী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেনের মধ্যে বাগ-বিতণ্ডা ও গণ্ডগলের সৃষ্টি হয়। পরে মুক্তার আলীর লোকেরা মঙ্গলবার রাত ৯টায় মনোয়ারের বাড়িতে হামলা ও ভাঙচুর করে।

উদ্ধাকৃত টাকা ও অস্ত্র। ছবি: বার্তা বাজার

তিনি আরও বলেন, বাঘা থানার একটি মামলার ঘটনায় তার বাড়িতে অভিযানে যায় পুলিশ। এ সময় বাড়িটিতে তল্লাশি চালালে চারটি বিদেশি পিস্তল, ৯৪ লাখ ৯৮ হাজার টাকা ও ইয়াবা-গাজা-হেরোইনসহ বেশকিছু মাদক পাওয়া যায়। এ সময় মেয়র মুক্তার আলীকে পাওয়া যায়নি। তবে বাড়িতে থাকা তার স্ত্রী জেসমিন আকতার এবং দুই ভাতিজা শান্ত ইসলাম ও সোহান আলীকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত পদক্ষেপের প্রক্রিয়া চলছে। দুপুর সোয়া ১২টায় বাঘা থানায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি সম্পর্কে গণমাধ্যমকর্মীদের বিস্তারিত জানানো হবে।

নবী আলম/বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর