জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।
টেস্টে বাংলাদেশের সর্বশেষ জয় এই জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর ৪ টেস্ট খেলে ৩টিতেই হেরেছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ড্র করলেও দ্বিতীয় টেস্টে বাজে ভাবে হেরেছে টাইগাররা। এবার তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই জয়ে ফিরতে চায় বাংলাদেশ।
ইনজুরির কারণে একমাত্র টেস্টে খেলা হবে না তামিম ইকবালের। দীর্ঘদিন ধরেই হাঁটুর চোটে ভুগছেন তামিম। এদিকে ১৬ মাস পর টেস্ট দলে জায়গা পেলেও একাদশে অনিশ্চিত মাহমুদউল্লাহ রিয়াদ।
তবে দীর্ঘদিন পর বাংলাদেশের টেস্ট জার্সিতে দেখা যাবে সাকিব আল হাসানকে। ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়েই ক্রিকেটে ফিরছেন মুশফিকুর রহিম। চোটের কারণে ডিপিএলের শেষ দিকে দেখা যায়নি তাকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী/এবাদত হোসেন।
বার্তা বাজার/নব