খুলনার চার হাসপাতালে একদিনে রেকর্ড ২২ মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু হয়েছে। একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড এটি।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ১০ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে পাঁচজন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনায় নয়জন ও উপসর্গ নিয়ে একজন মারা যান।

এ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন- খুলনা মহানগরীর সোনাডাঙ্গার ঝর্ণা বেগম (৬০) ও লবনচরার রুমানা বেগম (৭১), বটিয়াঘাটার নারায়ন চন্দ্র (৮০), নড়াইল নড়াগাতীর এসএম বোরহান (৪৫), বাগেরহাট ফকিরহাটের সুনীল রায় (৭৫), একই এলাকার বাগানবাড়ীর আব্দুল হামিদ (৮৭), যশোর সদরের ঝুমুর বেগম (২৫), কেশবপুরের সুশান্ত কুন্ডু (৫৫), একই এলাকার শরিফা খাতুন (২৭)।

ডা. সুহাস রঞ্জন হালদার আরও বলেন, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪১ জন ও সুস্থ হয়েছেন ৩২ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮৯ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে খুলনার পাইকগাছার আব্দুল হালিম (৫০) ও সাতক্ষীরার আব্দুল মাজেদ শেখের (৬৫) মৃত্যু হয়। হাসপাতালে করোনায় আক্রান্ত ৪৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে আইসিইউতে নয়জন রয়েছেন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নগরীর ফুলবাড়ীগেট মিরেরডাঙ্গার রেজাউল ইসলাম (৭০), তেরখাদার আনন্দনগরের আকলিমা (৭৫), যশোরের কেশবপুরের পদ্মরানী (৬৪), বাগেরহাটের মংলার প্রভুনাথ (৫০), রামপালের রুহিকরণ (৬০) মারা যান। হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২৬ জন ও সুস্থ হয়েছেন ২৫ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান বলেন, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় খুলনা সদরের মুসলমানপাড়ার নাসরিন আরা বেগম (৪৫), সোনাডাঙ্গার মো. আব্দুল হাই (৬৭), ডুমুরিয়ার শাহাপুরের উম্মে কুলসুম (৭০), খুলনার টুটপাড়ার নাসিমা বেগম (৪৬) এবং নড়াইলের লোহাগড়ার আরিয়ানার বেলতিয়ার লুৎফর রহমান (৬২) মারা যান। হাসপাতালে ১৩১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর