ব্রাজিল সমর্থকের চাচাকে আর্জেন্টিনা সমর্থকদের পিটুনি!

ব্রাহ্মণবাড়িয়ায় কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে নওয়াব মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়েছে স্থানীয় আর্জেন্টিনা ফুটবল ভক্তরা। মঙ্গলবার (০৬ জুলাই) বিকালে সদর উপজেলার দামচাইল বাজারে এই ঘটনা ঘটে।

হামলার শিকার নওয়াব মিয়া উপজেলার সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামের মৃত হেলু মিয়ার ছেলে। একইসাথে তিনি স্থানীয় ব্রাজিল ফুটবল সমর্থক রেজাউলের চাচা।

আহত নওয়াবের ভাই ইয়াক্যব মিয়া জানান, কোপা আমেরিকার ব্রাজিল বনাম পেরুর মধ্যকার সেমিফাইনাল খেলায় ব্রাজিল ১-০ গোলে জয়ী হয়। খেলা শেষে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নওয়াব মিয়ার ভাতিজা ব্রাজিল সমর্থক রেজাউলের সঙ্গে একই এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে আর্জেন্টিনার সমর্থক জীবন মিয়ারখেলা নিয়ে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যস্থতায় তাদের ফিরিয়ে দেন।

বিকালের দিকে রেজাউলের চাচা নওয়াব মিয়াকে দামচাইল বাজারে পেয়ে জীবন মিয়াসহ আরও কয়েকজন বেধড়ক মারধর করে পালিয়ে যায়। সন্ধ্যার দিকে তাকে নিয়ে আসা হয় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে।

এ বিষয়ে সদর থানার ওসি এমরানুল ইসলাম বলেন, ব্রাজিল ও আর্জেন্টিনা সাপোর্টারদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। একজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর