চলমান দুর্যোগে শিক্ষার্থীদের স্বাস্থ্য-সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার এখনও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়নি বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার (০৬ জুলাই) দুপুরে ‘ট্রান্সলেট অ্যা স্টোরি ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের ভার্চুয়াল লঞ্চিং ইভেন্টে অংশ প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন এবং ইউনেস্কো ঢাকা অফিসের উদ্যোগে ইভেন্টটি আয়োজিত হয়।
প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হয়ে তিনি বলেন, চলমান কভিড পরিস্থিতে এটি অত্যন্ত কার্যকরী একটি পদক্ষেপ। বৈশ্বিক এই দুর্যোগে শিক্ষার্থীদের স্বাস্থ্য-সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার এখনো শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়নি। তবে অনলাইনে তাদের শ্রেণি কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, ট্রান্সলেট অ্যা স্টোরি ইনিশিয়েটিভের মাধ্যমে ইউনেস্কো এবং বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান যে উদ্যোগ গ্রহণ করেছে তা শিক্ষার্থীদের মেধা বিকাশে একটি মাইলফলক হয়ে থাকবে’। তিনি এই পুরো কার্যক্রমের সফলতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, একটা দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীদের যখন বাড়িতেই থাকতে হচ্ছে, নিয়মিত অনলাইন ক্লাস করতে হচ্ছে তখন তাদের মানসিক চাপ নিরসনে এবং তাদের এই কঠিন সময়টা আনন্দদায়ক করে তুলতে নিজের ভাষায় অনুদিত এই বইগুলো হয়ে উঠবে এক অনন্য উপজীব্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো সংযুক্ত হন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বিয়াট্রিস কালদুন, হেড অব অফিস অ্যান্ড কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ টু বাংলাদেশ। বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. সোহেল ইমাম খান অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন।
বার্তা বাজার/এসজে