৫০০ টাকা ভিজিটে রোগী দেখেন ‘এমবিবিএস’ ডিগ্রিধারী ওয়ার্ড বয়!

চট্টগ্রামে একজন ভুয়া চিকিৎসক গ্রেফতার সহ চিকিৎসা সংশ্লিষ্ট আলামত উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৬ জুলাই) দুপুর দেড়টার দিকে আকবরশাহ থানাধীন এলাকা কর্নেল জোন্স রোডে অবস্থিত হাজী ইব্রাহিম ম্যানশনের কাট্টলি মেডিকেল হল থেকে ভুয়া চিকিৎসক মোঃ খোরশেদ আলমকে গ্রেফতার করে আকবর শাহ থানা পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি নিজেকে ডাঃ মুহাম্মদ খোরশেদ আলম, এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (মেডিসিন), এমডি (নিউলজী), ডিগ্রীধারী এবং নিউরোমেডিসিন, স্নায়ুরোগ, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কাট্টলি মেডিকেল হল নামক ফার্মেসীতে চিকিৎসা প্রদান করে আসছিলেন। কিন্তু জিজ্ঞাসাবাদে তিনি তার প্রকৃত পরিচয় সাপেক্ষে কোন ডকুমেন্ট প্রদান করতে পারেন নি।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি আরও স্বীকার করেন যে, তিনি প্রকৃতপক্ষে অষ্টম শ্রেনী পাশ। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কাজ করতেন। ঘটনার সংশ্লিষ্ট আলামত হিসেবে ডাক্তারী সরঞ্জাম সহ, নাম ফলক, ভিজিটিং কার্ড, সীলমোহর ও উপস্থাপিত কাগজপত্র জব্দ করা হয়।

উল্লেখ্য, খোরশেদ আলম ইতিপূর্বে ২০১৭ ইং সালে মাগুরায় ভুয়া চিকিৎসক হিসেবে ভ্রাম্যমান আদালত কর্তৃক এক বৎসরের কারাদন্ড প্রাপ্ত হন এবং একইভাবে ২০১৩ সালে কুমিল্লায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৬ মাসের দন্ডপ্রাপ্ত হন। উক্ত বিষয়ে প্রতারণা, জালিয়াতি, ছদ্মবেশধারণ এর অপরাধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর