করোনা: যশোরে হাসপাতালে জায়গার সংকট, গাছতলায় রোগী

করোনার উপসর্গ নিয়ে সোমবার (০৫ জুলাই) রাতে যশোর জেনারেল হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি হন রিনা খাতুন নামে এক নারী। নিয়মমত তার থাকার কথা ওয়ার্ডের ইয়োলো জোনে। কিন্তু সেখানে শয্যা খালি নেই। এমনকি বারান্দাতেও জায়গা না থাকায় বাধ্য হয়ে স্বজনরা তাকে রাখেন ওয়ার্ডের বাইরে থাকা নমুনা সংগ্রহের টেবিলের উপর।

মঙ্গলবার (০৬) জুলাই তাকে সেই টেবিল থেকে নামিয়ে রাখা হয় পাশের একটি গাছ তলায়। এমনকি শুধু রিনা খাতুন না। এমন অনেক রোগীকেই হাসপাতালে জায়গা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহমেদ জানান, করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রোগী বাড়ছেই। শয্যা বাড়িয়েও জায়গার সংকুলান হচ্ছে না। ফলে জায়গা না পেয়ে বারান্দা কিংবা গাছতলায় থাকার মতো ঘটনা ঘটছে। তবে আমরা ইয়োলো জোনের শয্যা ও জায়গা বৃদ্ধি করছি। আরও বাড়ানো প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, করোনা ওয়ার্ডের রেড জোনে ১৪৬ শয্যার বিপরীতে ১৩৬ জন ও ইয়োলো জোনের ২২ শয্যার বিপরীতে ৯৯ জন রোগী ভর্তি আছেন।

গত একদিনে যশোরে নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ২৭৯ জন। এসময়ে উপসর্গ ও আক্রান্ত শনাক্ত হয়ে মারা গেছেন আরও ১২ জন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর