ফরিদপুরে গৃহবধূর বিষপান, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার করলো পুলিশ

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্বামীর সাথে অভিমান করে মার্জিয়া বেগম (২৭) নামে এক গৃহবধূ বিষপান করার অভিযোগ পাওয়া গেছে। পরে জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বুড়াইচ গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত ১০ বছর আগে উপজেলার হেলেঞ্চা গ্রামের মুক্তার শেখের মেয়ের সাথে একই উপজেলার বুড়াইচ গ্রামের নুর মোহাম্মদ বালামের বিয়ে হয়। মঙ্গলবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সাথে অভিমান করে বিষপান করে মার্জিয়া বেগম। বিষপানে ওই গৃহবধূ গুরুতর অসুস্থ হয়ে পড়লেও কেউ উদ্ধার করতে এগিয়ে আসেনি। এমনকি মেয়েটির বাবার বাড়ির লোকজনকেও আসতে নিষেধ করেন। পরে ওই গৃহবধূর ভাই শাহাজাহান শেখ জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ ফোন করে বিস্তারিত জানান। এরপর আলফাডাঙ্গা থানা থেকে পুলিশ গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

এবিষয়ে ওই গৃহবধূর বাবা মুক্তার শেখ বার্তা বাজারকে জানান, ‘ ওই ছেলে কোন কাজ কর্ম করে না। বিবাহের পর থেকেই আমার মেয়েকে নির্যাতন করে আসছে। আর কতো জ্বালা যন্ত্রণা সহ‍্য করবে আমার মেয়ে। আজও তাকে মেরেছে। তারপর বাধ্য হয়ে সে বিষপান করে। কিন্তু তারপরও তারা আমার মেয়েকে হাসপাতালে নেয়নি। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।’

আলফাডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক উত্তম কুমার সেন বার্তা বাজারকে বলেন ‘ মেয়েটির ভাই জরুরি সেবার হটলাইনে ফোন দিয়ে বিস্তারিত জানান। পরে আমরা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি।’

মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর