কক্সবাজারের অভিযান চালিয়ে ৮টি ওয়াকিটকিসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-১৫)। রোববার (৪জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদরের ঝিলংজা লিংকরোড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে হতে তাদের আটক করা হয়।
আটককৃতরা কক্সবাজার সমিতি পাড়ায় বসবাসকারী রোহিঙ্গা মৃত নুর ইসলামের ছেলে মো. আব্বাস (৩২) এবং টেকনাফের লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক বি-১ এর বাসিন্দা নুর মোহাম্মদের পুত্র ইমাম হোসাইন (২০)।
মঙ্গলবার (৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৫’র সিনিয়র সহকারী পরিচালক আব্দুল্লাহ মো. শেখ সাদী এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, র্যাব-১৫ এর একটি দল ঝিলংজা ইউনিয়নের লিংকরোড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে দাঁড়ালে দুই ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৮টি ওয়াকিটকি পাওয়া যায়।
এসময় তারা ওয়াকিটকিগুলোর কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধ ব্যবহারের উদ্দেশে ওয়াকিটকিগুলো সংগ্রহ করেছে বলে স্বীকার করেছে।
জব্দকৃত ওয়াকিটকিসহ আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়।
বার্তা বাজার/টি