লকডাউন: ঢাবিতে রাতের বেলায় মোবাইল কোর্ট নিয়ে তুলকালাম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে রাতের বেলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত মোবাইল কোর্ট পরিচালনা করায় নারী ম্যাজিস্ট্রেটের সাথে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটেছে।

সোমোবার (০৫ জুলাই) রাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক নারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এই কোর্ট পরিচালনা করেন। তখন স্বাস্থ্যবিধি না মানায় ৩ জনকে জরিমানা করা হলে তারা তর্কে লিপ্ত হয়।

ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম মেরীনা নাজনীন। মোবাইল কোর্ট পরিচালনার সময় সেখানে উপস্থিত ছিলেন ডিএসসিসির ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ।

রাতে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের আধুনিক মাতৃভাষা ইনস্টিটিউটের (আইএমএল) সামনে এ ঘটনা ঘটে। যাদের জরিমানা করা হয়েছে, তাদের নাম জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের এক সদস্য জানান, রাত ৮টার দিকে ওই ম্যাজিস্ট্রেট ক্যাম্পাসে এসে আইএমএলের সামনে উপস্থিত ৩ জনকে জরিমানা করেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মোবাইল কোর্ট পরিচলনা করায় তারা ক্ষুদ্ধ হন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরীনা নাজনীন জানান, সারাদিন আমরা শাহবাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছি। পরে শাহবাগ থেকে ফেরার পথে ক্যাম্পাস এলাকা দিয়ে যাওয়ার সময় দেখি কয়েকজন স্বাস্থ্যবিধি না মেনে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছেন। তারা মাস্কও পরেননি। তখন কারণ জিজ্ঞেস করতে গেলে তারা আমার সঙ্গে উত্তেজিত আচরণ করেন। মাস্ক না পরার কারণে দু’জনকে ২০০ টাকা করে ও একজনকে ৫০০ টাকা জরিমানা করি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়া মোবাইল কোর্ট পরিচালনার ব্যাপারে তিনি জানান, আমাদের কেবিনেট থেকে অনুমতি দেওয়া হয়েছে। আর এ সবকিছু কেবিনেটের আন্ডারে। তা ছাড়া আমি যেখানে মোবাইল কোর্ট পরিচালনা করেছি, সেটি বিশ্ববিদ্যালয়ের জায়গা না। সেটি রাস্তার মধ্যে এবং এই রাস্তাগুলো সিটি করপোরেশনের আওতাধীন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী বলেন, মোবাইল কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে। ম্যাজিস্ট্রেট যা করেছেন, তা সঠিক কাজ। এখন ইমার্জেন্সি সময় চলছে, এ সময়ে স্বাস্থ্যবিধি না মেনে ক্যাম্পাসে অবস্থান করা আইনবহির্ভূত।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর