৬ মাস আগে মারা যাওয়া চিকিৎসকসহ ৬৫ জনকে পদায়ন

৬ মাস আগে মারা যাওয়া রংপুর মেডিকেল কলেজের (রমেক) এক নারী চিকিৎসককে পদায়ন করা হয়েছে। ওই চিকিৎসকসহ আরও ৬৪ জনকে একযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পদায়নের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবারের (৭ জুলাই) মধ্যে পদায়নকৃতদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব শারমিন সুলতানা রোববার (৪ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা মহামারি মোকাবিলা ও জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই পদায়ন করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

এদিকে পদায়ন পাওয়া ৬৫ জন চিকিৎসকের তালিকায় ৩ নম্বরে রয়েছেন ডা. ফেরদৌস আরা শেখ (৩৯৯১১)। ওই চিকিৎসক এ বছরের ২৬ ফেব্রুয়ারি শুক্রবার মৃত্যুবরণ করেন। তিনি রংপুর মেডিকেল কলেজের ১২তম ব্যাচের শিক্ষার্থী ও গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তার স্বামী ডা. মনিরুজ্জামান একই কলেজের শিশু বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক।

ডা. একেএম নুরুন্নবী লাইজু বলেন, ৬ মাস আগে ডা. ফেরদৌস আরা শেখ মারা গেছেন। তার মৃত্যুর বিষয়টি সম্ভবত স্বাস্থ্যসেবা বিভাগ জানতেন না। এ কারণে ভুলে হয়তো তার নাম তালিকায় এসেছে। এটা স্বাস্থ্যসেবা বিভাগের ভুল।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর