ক্ষমতায় থাকার সময় বিএনপি উন্নয়নের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন সরোক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (০৬ জুলাই) রাজধানীর সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেছেন।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি মেগা প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা দেখাতে পারেনি বলে এখন মেগা প্রকল্পের বিরোধিতায় নেমেছে। তারা দেশের উন্নয়ন চায় না, তারা তাদের সময়ে উন্নয়নের নামে করেছে লুটপাট। করোনাকালেও রপ্তানি আয় বেড়েছে। মেগা প্রকল্পের বরাদ্দ কাটছাঁট করার বিএনপির প্রস্তাব উদ্ভট। উদ্দেশ্যমূলক।
করোনাকালে পরস্পরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েচ তিনি বলেন, দুর্যোগে পরস্পরের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই মানুষের মানবিকতা ফুটে ওঠে। সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সামর্থ্যবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, যে কোনো মহামারি রোধে প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম ব্যবস্থা। করোনা মহামারি থেকে সুরক্ষা পেতে সবার সর্বোচ্চ মাত্রার সচেতনতার মধ্য দিয়ে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে হবে।
বার্তা বাজার/এসজে