করোনার সব ধরণের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাজ্য

যুক্তরাজ্যে মহামারি করোনায় যেসব নিষেধাজ্ঞা জারি করা ছিল, যেমন বাড়ির মধ্যে পালনীয় ৬টি নিয়ম এবং ওয়ার্ক-ফ্রম-হোম মানে বাড়ি থেকে কাজ করার নির্দেশনাও তুলে নেওয়া হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, পরিকল্পনা অনুযায়ী কোভিড লকডাউন রোডম্যাপের শেষ ধাপ ১৯শে জুলাই শুরু হবে। তার আগে ১২ই জুলাই সর্বশেষ তথ্য বিশ্লেষণ করেই সে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে মি. জনসন বলেছেন, স্কুল খোলা, ভ্রমণ এবং সেল্ফ আইসোলেশন বিষয়ে নতুন নির্দেশনা কয়েকদিনের মধ্যে জানানো হবে।

তিনি বলেছেন, মুখ ঢেকে রাখার আইনগত কোন বাধ্যবাধকতা না থাকলেও, ‘সৌজন্য’ হিসেবে জনাকীর্ণ কোন জায়গায় গেলে তিনি নিজে মাস্ক পরিধান করবেন।

মি. জনসন বলেছেন, ইংল্যান্ডে সফল টিকা কার্যক্রমের কারণে নতুন কোভিড রোগী শনাক্ত ও মৃত্যুর হার কমানো গেছে, আর সে কারণেই সতর্কতামূলক পদক্ষেপ যেগুলো মানার জন্য আইনি বাধ্যবাধকতা ছিল তা তুলে নেয়া সম্ভব হচ্ছে।

তবে তিনি সতর্ক করে বলেছেন, এ মাসের শেষের দিকে দেশটিতে দিন ৫০ হাজার রোগী শনাক্ত হতে পারেন এমন আশঙ্কা করা হচ্ছে।

মি. জনসন বলেছেন, “গণটিকা কার্যক্রমের মাধ্যমে যখন আমরা পরিষ্কারভাবে অনেকটাই সফল হয়েছি, তখন সামনে না এগুলে কবে এগুবো?”

যারা পজিটিভ শনাক্ত হয়েছেন, তাদের সেল্ফ আইসোলেশনের নিয়ম আগের মতই থাকবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, টিকার ডোজ সম্পন্ন হয়েছে এমন ব্যক্তিদের জন্য নতুন নির্দেশনা শীঘ্রই জানিয়ে দেয়া হবে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ জানিয়েছেন, ঘনিষ্ঠ সান্নিধ্যে থাকা অবস্থায় মানুষকে যেসব অবশ্য পালনীয় বিধিমালা অনুসরণ করতে হবে, সে সম্পর্কে মঙ্গলবার অর্থাৎ আজই তিনি পরিকল্পনা ঘোষণা করবেন। সূত্র: বিবিসি বাংলা।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর