চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে একযোগে ১১৪ চিকিৎসককে বদলি করা হয়েছে। সোমবার (০৫ জুলাই) সন্ধায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে চমেকসহ সারাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের বদলির নির্দেশ জানানো হয়।
মন্ত্রণালয়ের উপসচিব জাকিয়া পারভিন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে তাদেরকে বুধবারের মধ্যে তাঁদের পদায়নকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ প্রদান করা হয়
প্রজ্ঞাপনে বলা হয়, কোভিড-১৯ অতিমারি মোকাবিলা এবং জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নে বর্ণিত স্বাস্থ্য বিসিএস স্বাস্থ্য কর্মকর্তাদের সংযুক্তিতে পদায়ন করা হলো।
কোভিডের পাশাপাশি চমেকের নন-কোভিড বিভিন্ন বিভাগের চিকিৎসকেরাও বদলির আদেশ পেয়েছেন।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর বলেন, ‘আমার ১১৪ জন চিকিৎসককে বদলি করা হয়েছে। আমি এটা জেনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মুঠোফোনে এসএমএস দিয়েছি। জানিয়েছি এতে আমার চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়বে। কারণ, কোভিডের সঙ্গে বিভিন্ন বিভাগ জড়িত। এ ছাড়া আমার হাসপাতালে নন–কোভিড দুই হাজারের বেশি রোগী থাকছে। কোভিড ও নন–কোভিড দুটিই ব্যাহত হবে।’
সন্ধ্যায় জারিকৃত আদেশের পর রাতের দিকেই চিকিৎসকদের মাঝে এ ব্যাপারে প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। চমেক থেকে তাদেরকে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, ফৌজদারহাট বিআইটিআইডির পাশাপাশি খাগড়াছড়ি, ফেনী এবং আশপাশের জেলার জেলা ও উপজেলা হাসপাতালে বদলি আদেশ দেওয়া হয়েছে।
বার্তা বাজার/এসজে