স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সাথে তার বাসায় বৈঠক শেষে সাংবাদিকদের সামনে কিছু বলেননি হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী। সোমবার (০৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সংগঠনের মহাসচিব নুরুল ইসলাম জিহাদীকে নিয়ে মন্ত্রীর বাসায় যান তিনি।
২ ঘন্টা ব্যাপী বৈঠক শেষে সাড়ে ১০টার দিকে বের হন তিনি। তবে বের হওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হতে রাজি হননি বাবুনগরী ও জিহাদী। এমনকি বৈঠকের বিষয়েও হেফাজতের কেউ কিছু বলেননি।
বৈঠক চলাকালে সেখানে হেফাজতের নেতারা ছাড়াও বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, বৈঠকে কওমি মাদ্রাসা খুলে দেওয়া, হেফাজত নেতা কর্মীদের মুক্তি, মামলার বিষয়ে আলোচনা হয়।
এর আগে সোমবার সকালে চট্টগ্রামের হাটহাজারী থেকে ঢাকায় আসেন বাবুনগরী। ঢাকায় পৌঁছে শাহবাগের বারডেম হাসপাতালে নিয়মিত চেক আপ করান।
এবার তার সাথে সফরসঙ্গী হয়েছেন, হেফাজতের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত আল্লামা আহমদ শফীর সাবেক একান্ত সহকারী মাওলানা শফিউল আলম। সোমবার দুপুরে বাবুনগরীসহ ঢাকায় আসার বিষয়টি স্বীকার করলেও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে বাবুনগরীর ব্যক্তিগত সহকারীদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিব মনির হোসেন বলেন, ‘উনারা ফোন দিয়ে সাক্ষাতের অনুমতি চেয়েছেন, মন্ত্রী মহোদয় আসতে বলছেন।’
বার্তা বাজার/এসজে