কর্মচারীদের বেতন না দিতে পারলে পৌরসভাকে ইউনিয়নে রূপান্তর

কোনো পৌরসভা যদি তার কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের সক্ষমতা না রাখে তাহলে তা ভেঙে ইউনিয়ন পরিষদে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

সোমবার (০৫ মে) স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের রাজস্ব আয় ও ব্যয়ের সুনির্দিষ্ট পরিকল্পনা নির্ধারণ ও হিসাব সংরক্ষণের পদ্ধতি শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত অনলাইন সভায় মন্ত্রী এসব কথা বলেন।

সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সঞ্চালনায় এই বিভাগের সব অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব এবং সংশ্লিষ্ট শাখার উপ-সচিবরা অংশ নেন।

মন্ত্রী বলেন, নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে পৌরসভা সৃষ্টি হয়েছে। পৌরসভার কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের সক্ষমতা না থাকলে পরীক্ষা-নিরীক্ষা করে বিদ্যমান আইন অনুযায়ী প্রয়োজনে ইউনিয়ন পরিষদে (ইউপি) রূপান্তরিত অথবা পরিষদ ভেঙে পুনঃনির্বাচন দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, পৌরসভাসহ স্থানীয় সরকার বিভাগের সব প্রতিষ্ঠানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে আউটসোর্সিংয়ের মাধ্যমে অডিট করা হবে। নিজস্ব আয় দিয়ে পরিচালনা ব্যয় নির্বাহ করা ও উন্নয়ন কাজে অবদান রাখা এবং নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে পৌরসভা সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, এখন যদি এসব প্রতিষ্ঠান নিজ কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং জনগণকে সঠিক সেবা দেওয়ার সক্ষমতা না থাকে তাহলে পৌরসভা হিসেবে টিকে থাকার যৌক্তিকতা হারাবে, যা বিদ্যমান আইনে আছে। এই আইনের সার্বিক দিক পর্যালোচনা করে প্রয়োজনে পৌরসভা থেকে ইউনিয়ন পরিষদে রূপান্তর বা পরিষদ ভেঙ্গে পুনঃনির্বাচন দেওয়া হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর