করোনার উর্ধ্বমূখী সংক্রমণ প্রতিরোধে জারি করা লকডাউন বাড়ানো হয়েছে আরও এক সপ্তাহ। তবে আসন্ন ঈদে এই লকডাউন থাকবে কি না এই বিষয়ে সংশয়ে রয়েছে সাধারণ মানুষ।
ঈদুল আযহায় সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত করোনার পরিস্থিতি বুঝে নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সোমবার (০৫ জুলাই) ঈদের আগে পরিস্থিতি বিবেচনায় কি সিদ্ধান্ত নেওয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিনিয়ত আমরা দেখছি করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে ওঠা-নামা করছে। তাই পরিস্থিতি বিবেচনায় আমরা সিদ্ধান্ত নেব। আগামী ১২ অথবা ১৩ তারিখে পরবর্তী সিদ্ধান্ত দিতে পারব। গভীরভাবেই এ বিষয়টি মনিটরিং করা হচ্ছে।
তিনি আরও বলেন, ঈদের সময় নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন একটা কাজ। ওই সময়টাতে কী কী থাকবে, কী করলে ভালো হবে, কীভাবে করলে ভালো হবে, সে বিষয়ে সরকার পরিকল্পনা করছে। সময় হলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত জানাতে পারব।
বার্তা বাজার/এসজে