এক বছর আগে প্রতিটা জেলায় আইসিইউ বেড স্থাপনের জন্য নির্দেশ প্রদান করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় সেই নির্দেশ পালনে ব্যর্থ হয়েছে। যার ফলে করোনায় আইসিইউ সংকটে প্রচুর মানুষ মারা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।
সোমবার (০৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন।
জিএম কাদের বলেন, দেশের ৩৫ জেলায় এখনও আইসিইউ নেই। সব জেলায় আইসিইউ স্থাপনে ব্যর্থ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দেশের আইসিইউ’র ৭৬ ভাগই ঢাকা বিভাগে। এর মধ্যে রাজধানীতেই ৭৩ ভাগ।
তিনি বলেন, ‘আইইডিসিআর’বির তথ্যমতে, গেল জুন মাসে করোনা শনাক্তের ৭৮ ভাগই ভারতীয় ভ্যারিয়েন্ট। তাই করোনা আক্রান্ত রোগীদের জন্য আইসিইউয়ের চাহিদা বেড়েছে। কিন্তু সব জেলায় আইসিইউ না থাকায় কঠোর লকডাউনের মাঝে করোনা রোগী নিয়ে এক জেলা থেকে অন্য জেলায় ছোটাছুটি করছে স্বজনরা।’
জাতীয় পার্টির শীর্ষ এই নেতা বলেন, রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ ফাঁকা নেই বললেই চলে। তাই দ্রুত বেসরকারি হাসপাতালের আইসিইউগুলো পূর্ণ হয়ে যাচ্ছে।
বার্তা বাজার/এসজে