স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রবেশ করেছেন বাবুনগরী-জিহাদী

স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে দেখা করতে গেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী। সোমবার (০৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে তাকে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রবেশ করতে দেখা যায়। এসময় তার সাথে হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদীকেও দেখা যায়।

তবে চলমান লকডাউনে কি কারণে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বসছেন সে বিষয়ে হেফাজতের কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর তরফেও কেউ কিছু বলেনি।

সূত্র জানায়, সোমবার সকালে চট্টগ্রামের হাটহাজারী থেকে ঢাকায় আসেন বাবুনগরী। ঢাকায় পৌঁছে শাহবাগের বারডেম হাসপাতালে নিয়মিত চেক আপ করান।

এবার তার সাথে সফরসঙ্গী হয়েছেন, হেফাজতের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত আল্লামা আহমদ শফীর সাবেক একান্ত সহকারী মাওলানা শফিউল আলম। সোমবার দুপুরে বাবুনগরীসহ ঢাকায় আসার বিষয়টি স্বীকার করলেও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে বাবুনগরীর ব্যক্তিগত সহকারীদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিব মনির হোসেন বলেন, ‘উনারা ফোন দিয়ে সাক্ষাতের অনুমতি চেয়েছেন, মন্ত্রী মহোদয় আসতে বলছেন।’

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার দুপুরের পর জুনায়েদ বাবুনগরী হেফাজত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদীর পরিচালিত খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদ্রাসায় অবস্থান করছিলেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর