সুনামগঞ্জের ছাতকে বালু উত্তোলনকারীদের হামলার শিকার হয়েছেন টহলরত নৌ-পুলিশ সদস্যরা। এসময় আহত হয়েছেন পুলিশের ৬ সদস্য। রোববার (০৪ জুলাই) রাতে উপজেলার চেলা নদীর নিয়ামতপুর এলাকায় এই ঘটনা ঘটে।
সোমবার (০৫ জুলাই) গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন নৌ-পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার (এসপি) শম্পা ইয়াসমিন।
হামলায় আহতরা হলেন- ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মঞ্জুর আলম, এসআই হাবিবুর রহমান, এএসআই সবুজ হোসেন, কনস্টেবল সাব্বির আহমদ, মোহাম্মদ শাহজাহান ও সৈকত কুমার দেব। তাদেরকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায়, চেলা নদী সংলগ্ন ছাতক বিন বিভাগের জায়গা থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনক করে আসছিল কতিপয় বালু ব্যবসায়ীরা। খবর পেয়ে রাতের বেলা ওই এলাকায় পরিদর্শনে যায় পুলিশ। সেখান থেকে ফেরার পথে ইঞ্জিনিচালিত নৌকা দিয়ে পিছু নিয়ে পুলিশের ওপর হামলা চালায় বালু ব্যবসায়ীরা।
এসময় সন্ত্রাসীরা পুলিশের কাছ থেকে বিভিন্ন মামলার নথিপত্র, ৮টি মোবাইল ও ৩টি হাতকড়া ছিনতাই করে। পরে এলাকাবাসীদের সহায়তায় পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
খবর পেয়ে সোমবার দুপুরে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন নৌ-পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার শম্পা ইয়াসমিন। এরপর আহতদেরকে হাসপাতালে দেখেতে গিয়ে তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলায় জড়িতরা যত ক্ষমতাবানই হোক, কেউ রেহাই পাবে না।
বার্তা বাজার/এসজে