শিশুদের মুরগির খাঁচায় বন্দি করে ইলেট্রিক শক দিলেন আ’লীগ নেতা! (ভিডিওসহ)

কক্সবাজারের রামুতে মাত্র দেড়শ টাকা চুরির অপবাদে মুরগির খাঁচার ভেতর বন্দি করে দুই শিশুকে বৈদ্যুতিক শক ও জ্বলন্ত সিগারেটের ছ্যাকা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা রিফাত করিম (৩২) ঈদগড় ৫নং ওয়ার্ডের মো. শরিফ পাড়ার নেজাম উদ্দীন ছেলে। নির্যাতনের শিকার দুই শিশু একই এলাকার প্রতিবন্ধী মো. নুরুল আলম ছেলে সোহেল (১০) ও রশিদ আহমদের ছেলে ইব্রাহিম (১০)।

উপজেলার ঈদগড় ইউনিয়নের ঈদগড় বাজারের একটি মুরগির দোকানে বৃহস্পতিবার (১ জুলাই) এই ঘটনা ঘটে।

জানা যায়, টাকা চুরির অপবাদে ঈদগড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রিফাত ওই ২ শিশুকে খাঁচায় বন্দি করে রাখেন। পরে সোহাল ও ইব্রাহিম নামের ওই দুই শিশুকে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার পাশাপাশি ইলেক্ট্রিক শক দেওয়া হয়।

এ ঘটনায় বেশ কয়েকদিন পার হয়ে গেলেও এখনও আইনী সহায়তা পাননি ভুক্তভোগীরা। তবে পুলিশ দাবি করছে, ভুক্তভোগীর পরিবার মামলা করেতে রাজি হয়নি।

ভুক্তভোগী ইব্রাহিম জানান, আমাদেরকে ধরে খাঁচায় বন্দি করা হয়। পরে শরীরের বিভিন্ন স্থানে দেওয়া হয় সিগারেটের ছ্যাকা ও ইলেক্ট্রিক শক।

তবে অভিযুক্ত রিফাত করিম জানান, সোহেল খুব গরিব ঘরের সন্তান, তার মা বোবা আর বাবা কানে শুনে না। এ কারণে সে আমার দোকানে ব্যবসা শিখতে চাওয়ায় আমি তাকে সুযোগ করে দিয়েছি। কিন্তু সে দোকান থেকে টাকা চুরি করে তার চাচাতো ভাই ইব্রাহিমকে জমা দিয়েছে বলে আমার সন্দেহ হয়। এর প্রেক্ষিতে তাদেরকে ধরে এনে খাঁচায় ঢুকিয়ে জিজ্ঞাসাবাদ করি। এক পর্যায়ে সোহেল তিনশ টাকা চুরি করেছে বলে স্বীকার করে।

তিনি আরও বলেন, এসময় শিশুদের ইলেকট্রিক শক ও জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়নি। ওইদিন আমাকে কয়েকজন মিলে মারধর করে। এজন্য আমি এখন হাসপাতালে ভর্তি আছি।

এ বিষয়ে ঈদগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভুট্রো জানান, রামু থানার ওসি জানিয়েছেন- পক্ষে ও বিপক্ষে দু’টি মামলা নেওয়া হবে। একটি শিশু নির্যাতনের আরেকটি অভিযুক্ত আওয়ামী লীগ নেতাকে মারধরের। এ অবস্থায় ভুক্তভোগীরা আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

রামু থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, শিশু নির্যাতনের ভিডিও ক্লিপ দেখে আমি স্বপ্রণোদিতভাবে আমার একজন অফিসারকে ওই এলাকায় পাঠিয়েছিলাম। কিন্তু নির্যাতিত শিশুদের পরিবার কিছুতেই মামলা করতে রাজি হচ্ছে না।

ভিডিও আসছে…

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর