হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী ঢাকায় এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে জরুরি বৈঠকে মিলিত হতে। সোমবার (০৫ জুলাই) রাতে ধানমণ্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সকালেই ঢাকায় পৌছেছেন বাবুনগরী।
জানা গেছে, সম্প্রতি হয়ে যাওয়া সহিংস আন্দোলনে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তিসহ বেশ কয়েকটি বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা হবে বাবুনগরীর। এতে অংশ নেওয়ার কথা রয়েছে সংগঠনটির মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদিসহ আরও কয়েকজনের।
সূত্র জানায়, সোমবার সকালে চট্টগ্রামের হাটহাজারী থেকে ঢাকায় আসেন বাবুনগরী। ঢাকায় পৌঁছে শাহবাগের বারডেম হাসপাতালে নিয়মিত চেক আপ করান।
এবার তার সাথে সফরসঙ্গী হয়েছেন, হেফাজতের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত আল্লামা আহমদ শফীর সাবেক একান্ত সহকারী মাওলানা শফিউল আলম। সোমবার দুপুরে বাবুনগরীসহ ঢাকায় আসার বিষয়টি স্বীকার করলেও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে বাবুনগরীর ব্যক্তিগত সহকারীদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিব মনির হোসেন বলেন, ‘উনারা ফোন দিয়ে সাক্ষাতের অনুমতি চেয়েছেন, মন্ত্রী মহোদয় আসতে বলছেন।’
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার দুপুরের পর জুনায়েদ বাবুনগরী হেফাজত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদীর পরিচালিত খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদ্রাসায় অবস্থান করছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে নুরুল ইসলাম জিহাদী বলেন, ‘বৈঠকের সম্ভাবনা রয়েছে। এখনও সময় চূড়ান্ত হয়নি। উনি কাল চলে যাবেন।’
বার্তা বাজার/এসজে